পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজমের ফর্ম নিয়ে বারবার একই প্রশ্ন শুনে বিরক্তি প্রকাশ করেছেন দেশটির প্রধান কোচ মাইক হেসন। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে ধৈর্য হারান তিনি। বাবরকে নিয়ে আলোচনা না করে মাঠের ক্রিকেট ও দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করার আহ্বান জানান পাকিস্তান কোচ।
চলতি টেস্ট সিরিজে তিন ইনিংসে বাবর আজমের সংগ্রহ ৯২ রান। প্রথম টেস্টের দুই ইনিংসে তিনি করেন যথাক্রমে ৫০ ও ৩৪ রান। ম্যাচটি ড্র হয়েছিল। তবে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লাহিরু কুমারার বলে মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান। তিন ইনিংস শেষে তাঁর ব্যাটিং গড় দাঁড়িয়েছে ৩০ দশমিক ৬৬।
বাবরের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমর্থকদের মধ্যে উদ্বেগ রয়েছে। পাশাপাশি আগামী বছরের বিশ্বকাপের আগে তাঁর ফর্ম কেমন থাকবে, তা নিয়েও আলোচনা চলছে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বারবার প্রশ্ন করা হলে বিরক্তি প্রকাশ করেন হেসন।
তিনি বলেন, ‘সত্যি বলতে, এসব প্রশ্নে আমি বিরক্ত। প্রতিটি সংবাদ সম্মেলনেই একই প্রশ্ন করা হয়। টেস্ট ক্রিকেটে বাবরের গড় প্রায় ৫০। তাই তাকে নিয়ে আমরা মোটেও চিন্তিত নই। আগেরবার যে উত্তর দিয়েছিলাম, এবারও সেটাই বলব।’
এরপর সাংবাদিকদের একই প্রশ্ন বারবার না করে চলমান ক্রিকেট নিয়ে আলোচনা করার অনুরোধ জানান পাকিস্তানের এই কোচ। তাঁর ভাষ্য, ‘প্রতিবার একই প্রশ্ন করা বন্ধ করে আমরা কি চলমান ক্রিকেট নিয়ে কথা বলতে পারি? পাকিস্তান এখানে ভালো ক্রিকেট খেলছে। তাহলে সেটি নিয়েই আলোচনা শুরু করি না কেন? পরের প্রশ্ন, দয়া করে।’
বাবরকে নিয়ে প্রশ্নে বিরক্ত হলেও চলতি টেস্টে দলের পারফরম্যান্সে স্বস্তিতে থাকার কারণ রয়েছে হেসনের। রাওয়ালপিন্ডি টেস্টে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে মাত্র ৯৮ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। জবাবে স্বাগতিকেরা ৩২৫ রান সংগ্রহ করে ২২৭ রানের লিড নেয়।
দলের এমন পারফরম্যান্সের মধ্যে বাবরকে ঘিরে আলোচনার বদলে মাঠের ক্রিকেটকেই বেশি গুরুত্ব দিতে চান পাকিস্তান কোচ।