এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজন করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এ নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এ-সংক্রান্ত একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়েছে।
শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের কথা রয়েছে। তবে ফল প্রকাশের আগেই ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১০ থেকে ২১ জানুয়ারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৮, ৯ ও ১৬ জানুয়ারি আয়োজনের সূচি নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, মেডিকেল ও ডেন্টাল কলেজসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও ডিসেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি আবেদন জমা পড়েছে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে এমন পরিস্থিতিতে হাইকোর্টের এ নির্দেশনা এলো।