নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মুহুর্মুহু ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে দুটি হায়েস মাইক্রোবাস, একটি পিকআপ ও একটি প্রাইভেটকার নিয়ে ২৫ থেকে ৩০ জনের একটি দল দত্তপাড়া বাজারে আসে। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে একের পর এক ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণের পর দুর্বৃত্তরা অন্তত শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
বাজারের নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম সাফা জানান, ঘটনার সময় তিনি দত্তপাড়া বাজার পাহারা দিচ্ছিলেন। রাত ১১টার দিকে তিনটি মাইক্রোবাস এসে বাজারে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল নিক্ষেপ ও গুলি ছুড়তে শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় মহাসড়কে চলাচলরত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি লক্ষ্য করেও কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। হঠাৎ গুলির শব্দ ও ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বাজার জনশূন্য হয়ে যায়। পরে দুর্বৃত্তরা আবারও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যানবাহনে করে বনপাড়ার দিকে চলে যায়।
এ ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধ এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কারা ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।