পাবনার সুজানগরে ভুয়া চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা দেওয়ার অভিযোগে দুজনকে চার মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আরও দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। জেলা এনএসআই, পাবনার গোপন তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে ওই চক্রের চার সদস্য পাবনার বেড়া উপজেলার লাইসেন্সবিহীন বেড়া আই হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টারের পক্ষে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের দুলাই মাদ্রাসা ও এতিমখানা এলাকায় চিকিৎসাসেবা প্রদান এবং রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছিলেন।
পরে অভিযান চালিয়ে বেড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শাহাপাড়া এলাকার প্রতিষ্ঠানটির মালিক রাকিবুল ইসলাম ও ভুয়া চিকিৎসক মো. আকবর আলীকে চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া সিরিয়াল লেখক রুমা ও ক্যাম্পেইন প্রচারক রবিউলকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।