মোংলায় পাঁচ বছর ছয় মাস বয়সী এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং এসআরবি-০৯, সিলেটের সহযোগিতায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তী সময়ে তাকে মোংলা থানায় নিয়ে আসা হয়।
শনিবার দুপুরে মোংলা থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম ইয়ার মোহাম্মদ সমির (৪০)। তিনি মোংলা বন্দরে চাকরি করেন এবং ভুক্তভোগী শিশুর পরিবারের সঙ্গে একই ভবনে বসবাস করতেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বিকেলে ভুক্তভোগী শিশু ও আসামির মেয়ে একই ভবনের তৃতীয় তলায় খেলাধুলা করছিল। ওই সময় আসামির স্ত্রী পাশের কক্ষে ঘুমিয়ে থাকার সুযোগে আসামি ইয়ার মোহাম্মদ সমির শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তাকে মোংলা বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে গত ৩০ অক্টোবর রাতে থানায় এসে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পরপরই আসামি এলাকা থেকে পালিয়ে যান।
পুলিশ জানায়, চাঞ্চল্যকর এই মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়। পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেট থেকে তাকে গ্রেপ্তার করে মোংলা থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি কৌশলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও তার বিরুদ্ধে ঘটনার প্রাথমিক ও শক্ত প্রমাণ রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।