শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ | ২৯ কার্তিক, ১৪৩৩ | ৩ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:২৫:০৮
শিরোনাম
● বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ● পলাশবাড়ী উন্নয়ন ফোরামের উদ্যোগে অসচ্ছল, মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ● বিশ্ব ডায়াবেটিস দিবসে ইবিতে র‍্যালি ও আলোচনা সভা ● মোংলায় ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি সিলেটে গ্রেপ্তার ● ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে পাবিপ্রবিতে শিক্ষকদের সমাবেশ ● অভাব-অসুস্থতায় শিশুকে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ, মোরেলগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপ ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান ● যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক ● এমপি আবুল হোসেন খানের আস্থাভাজন ফারুক হোসেন মৃধা স্বপ্ন দেখেন মডেল ইউনিয়নের ● যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ● বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ● পলাশবাড়ী উন্নয়ন ফোরামের উদ্যোগে অসচ্ছল, মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ● বিশ্ব ডায়াবেটিস দিবসে ইবিতে র‍্যালি ও আলোচনা সভা ● মোংলায় ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি সিলেটে গ্রেপ্তার ● ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে পাবিপ্রবিতে শিক্ষকদের সমাবেশ ● অভাব-অসুস্থতায় শিশুকে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ, মোরেলগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপ ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান ● যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক ● এমপি আবুল হোসেন খানের আস্থাভাজন ফারুক হোসেন মৃধা স্বপ্ন দেখেন মডেল ইউনিয়নের ● যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

সদস্য সংকট, বাজেট ও সমন্বয়হীনতায় স্তিমিত কুবির সাংস্কৃতিক অঙ্গন

বাবলু দেব, কুবি প্রতিনিধি
বাবলু দেব, কুবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:৩৭
শেয়ার: mail
সদস্য সংকট, বাজেট ও সমন্বয়হীনতায় স্তিমিত কুবির সাংস্কৃতিক অঙ্গন

একসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ক্যাম্পাস জমে উঠত সংগীতের সুরে, নাটকের মঞ্চায়নে, আবৃত্তির ছন্দে কিংবা বিতর্কের যুক্তিতর্কে। বিভিন্ন সংগঠনের আয়োজনে মুখর থাকত ক্যাম্পাসের সাংস্কৃতিক পরিসর। বড় কনসার্ট, সাংস্কৃতিক উৎসব কিংবা সংগঠনগুলোর সম্মিলিত আয়োজন—সব মিলিয়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। কিন্তু সেই চিত্র এখন অনেকটাই অতীত। বিশেষ দিবস কিংবা উৎসব ঘিরে কিছু আয়োজন দেখা গেলেও বছরের বাকি সময়জুড়ে অধিকাংশ সংগঠনের কার্যক্রমে বিরাজ করে নীরবতা।

ক্যাম্পাসে নিবন্ধিত সংগঠনের সংখ্যা থাকলেও নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপস্থিতি ক্রমেই কমছে। কোথাও নতুন সদস্যদের সম্পৃক্ততার অভাব, কোথাও আর্থিক সংকট, আবার কোথাও প্রয়োজনীয় বাদ্যযন্ত্র ও অনুশীলনের জায়গার অভাব। এর সঙ্গে যুক্ত হয়েছে নেতৃত্বের সংকট এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সংগঠনগুলোর সমন্বয়হীনতা। ফলে একসময় ক্যাম্পাসের প্রাণচাঞ্চল্য ধরে রাখা সংগঠনগুলো এখন নিজেদের কার্যক্রম সচল রাখতেই রীতিমতো হিমশিম খাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের একমাত্র ব্যান্ড সংগঠন ‘প্ল্যাটফর্ম’-এর কার্যক্রমে এই পরিবর্তনের চিত্র স্পষ্ট। ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ সংগীতচর্চার বিকাশে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে আসছে। ২০১৯ সালের প্রতিষ্ঠাবার্ষিকীতে সব সংগঠনের সমন্বয়, ২০২০ সালে ‘ইকোস’ ও ‘এনকোর’ ব্যান্ডের উপস্থিতি এবং পরবর্তী সময়ে বড় পরিসরে ‘লেটস ভাইব নিউ ইয়ার কনসার্ট’-এর মতো আয়োজন করে প্ল্যাটফর্ম ক্যাম্পাসে ব্যাপক সাড়া ফেলেছিল।

তবে বর্তমান পরিস্থিতি নিয়ে প্ল্যাটফর্মের সভাপতি ইমাম হোসাইন মাসুম বলেন, “দক্ষ মিউজিশিয়ানের অভাব এবং প্রয়োজনীয় বাদ্যযন্ত্র ও লজিস্টিক সংকটের কারণে তাঁরা বহিরাগত কনসার্টের আয়োজন কমিয়ে দিয়েছেন। তবে প্ল্যাটফর্মের মূল কার্যক্রম একেবারে বন্ধ হয়ে যায়নি। ব্যান্ডের সদস্যরা নিয়মিত অভ্যন্তরীণ অনুশীলন চালিয়ে যাচ্ছেন। প্রশাসন ও সংশ্লিষ্টদের কাছ থেকে পর্যাপ্ত রিসোর্স এবং সহযোগিতা পেলে তাঁরা খুব শিগগিরই পুরো উদ্যমে দেশের বড় বড় ব্যান্ডের সমন্বয়ে কনসার্ট আয়োজন করে ক্যাম্পাসের সংগীতপ্রেমীদের মাতিয়ে তুলবেন।”

শুধু সংগীতচর্চা নয়, সাংস্কৃতিক সংগঠনগুলোর সদস্য সংগ্রহ ও নতুন নেতৃত্ব তৈরির ক্ষেত্রেও দেখা দিয়েছে সংকট। শিক্ষার্থীদের আগ্রহের পরিবর্তন এবং সাংগঠনিক ধারাবাহিকতা ধরে রাখতে না পারাকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন সংগঠনসংশ্লিষ্টরা।

ক্যাম্পাসের সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’-এর সভাপতি মাহমুদুল হাসান হৃদয় বলেন, “একসময় নানা বর্ণিল আয়োজনে ক্যাম্পাস প্রাণবন্ত থাকলেও বর্তমানে সেই ধারাবাহিকতায় ছন্দপতন ঘটেছে। এর মূল কারণ হলো, সংগঠনগুলোতে সাধারণ সদস্যদের আগের মতো সক্রিয় সম্পৃক্ততা না থাকা। বিশেষ করে নতুন ব্যাচ আসার পর তাদের সঙ্গে পুরোনো সদস্যদের সমন্বয়ের অভাব এবং সাংগঠনিক মেলবন্ধন ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।”

অন্যদিকে, শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠনের পরিবর্তে আর্থিক সুবিধা ও পেশাগত দক্ষতা অর্জনের সঙ্গে যুক্ত সংগঠনগুলোর প্রতি আগ্রহ বাড়াকেও সংকটের কারণ হিসেবে দেখছেন কেউ কেউ।

‘অনুপ্রাস কুবি’র সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সাংস্কৃতিক বিমুখতার কারণ উল্লেখ করে বলেন, “বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীর আগ্রহ তৈরি হয়েছে এমন সব সামাজিক বা পেশাদার সংগঠনের প্রতি, যেখান থেকে প্রত্যক্ষ আর্থিক সুযোগ কিংবা তাৎক্ষণিক দক্ষতা উন্নয়ন ও আর্থিক মূল্য পাওয়া যায়। ফলে ‘অনুপ্রাস’-এর মতো বিশুদ্ধ সাংস্কৃতিক সংগঠনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “সাংস্কৃতিক চর্চায় উৎসাহমূলক কোনো সুযোগ-সুবিধা না থাকায় এই বিমুখতা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতি উত্তরণে ঐতিহ্যগত ধারার পাশাপাশি শিক্ষার্থীদের বর্তমান চাহিদা ও মানসিকতা বুঝে শিক্ষার্থীবান্ধব প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিয়মিত লজিস্টিক ও আর্থিক প্রণোদনা দিয়ে পাশে দাঁড়ায়, তবেই শিক্ষার্থীরা আবারও ব্যাপকভাবে সংস্কৃতিচর্চায় ফিরবে।”

সদস্যদের আগ্রহের পাশাপাশি সংগঠনগুলোর কার্যক্রম পরিচালনায় আর্থিক পৃষ্ঠপোষকতার অভাবও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক সংগঠনকে কার্যক্রম চালাতে হচ্ছে নিজেদের সদস্যদের চাঁদা কিংবা ব্যক্তিগত অনুদানের ওপর নির্ভর করে। ফলে বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা থাকলেও অর্থের অভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংগঠনগুলোর নেতাকর্মীরা।

থিয়েটার কুবির সভাপতি তন্ময় সরকার বলেন, “ক্যাম্পাসে নিবন্ধিত বহু সংগঠন থাকা সত্ত্বেও কেবল বিশেষ দিবস বা উৎসব ছাড়া পুরো বছরজুড়েই এক ধরনের নীরবতা দেখা যায়। এই স্থবিরতার প্রধান কারণ হলো শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনা ও ব্যক্তিগত ক্যারিয়ার নিয়ে অতিমাত্রায় ব্যস্ততা। সংগঠনের কাজে দীর্ঘমেয়াদি শ্রম ও ত্যাগের মাধ্যমে যে নেতৃত্ব ও সামাজিক দক্ষতা অর্জিত হয়, সেই মানসিকতা অর্জনে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে।”

তিনি আরও বলেন, “এ ছাড়া স্থায়ী বাজেট না থাকায় সদস্যরা নিজেদের চাঁদা বা ব্যক্তিগত অনুদানের মাধ্যমে খুঁড়িয়ে খুঁড়িয়ে কার্যক্রম চালাচ্ছেন, যা বড় পরিকল্পনা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায়।”

একই সঙ্গে প্রশাসনের সঙ্গে দিকনির্দেশনা ও মেন্টরশিপের অভাবকেও তিনি দায়ী করেন। সংকট সমাধানে তিনি সংগঠনের কাজকে ক্যারিয়ার উপযোগী করা, স্বচ্ছ বার্ষিক বাজেট নির্ধারণ এবং প্রশাসনকে নিছক অভিভাবক না হয়ে যৌথ সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান।

বড় আয়োজনের জন্য অর্থ ও প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন প্রতিবর্তনের সভাপতি মাহমুদুল হাসান হৃদয়ও। তিনি বলেন, “বড় কোনো সাংস্কৃতিক আয়োজন বাস্তবায়নের জন্য যে ধরনের পর্যাপ্ত আর্থিক ও প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা প্রয়োজন, সংগঠনগুলো তা পাচ্ছে না।”

তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার দাবি জানান তিনি। প্রশাসন প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিলে এবং শিক্ষার্থীরা এগিয়ে এলে আবারও ক্যাম্পাসে সাংস্কৃতিক জোয়ার ফিরিয়ে আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তবে সংকটের দায় শুধু প্রশাসনের ওপর চাপাতে নারাজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তর। সংগঠনগুলোর নিজেদের মধ্যেও সক্রিয়তা ও অংশগ্রহণের ঘাটতি রয়েছে বলে মনে করছে দপ্তরটি।

সার্বিক বিষয়ে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দীন বলেন, “আমরা যখন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম বৃদ্ধি এবং এ-সংক্রান্ত পরামর্শ প্রদানের জন্য আলোচনার কথা বলি, তখন দু-একটি সংগঠন ছাড়া অন্য কারও উপস্থিতি বা আগ্রহ দেখতে পাই না।”

তবে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে কিছু পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। কার্যক্রম বৃদ্ধির পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “আমরা প্রত্যেক ব্যাচের র‍্যাগ ডে কেন্দ্রীয়ভাবে পালন করার জন্য একটি পরিকল্পনা সাজাচ্ছি। এর ফলে আমরা বড় একটি বাজেট পেতে পারি এবং দারুণ একটি প্রোগ্রাম আয়োজন করতে পারি।”

এ ছাড়া চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে ‘সেরা কণ্ঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে একটি আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সদস্য সংকট, বাজেট ও সমন্বয়হীনতায় স্তিমিত কুবির সাংস্কৃতিক অঙ্গন

বিস্তারিত কমেন্টে