ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মীর মুগ্ধ সরোবরে দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা অপসারণে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। প্রশাসনের অব্যবস্থাপনা ও বাজেট সংকটের অজুহাতের প্রতিবাদ জানিয়ে সরোবরটির হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে এ উদ্যোগ নিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।
উদ্যোগ নেওয়া শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মানিক রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের তারিক জাহান জয়, ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাজিদ এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নাজমুস সালেহিন ফাহিম।
পরিচ্ছন্নতা কর্মসূচির বিষয়ে তারিক জাহান জয় বলেন, ‘আমাদের এই লেকটি দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার মধ্যে পড়ে আছে। আমরা চাই, লেকটি সব সময় পরিষ্কার থাকুক। কিন্তু প্রশাসনের কাছে গেলে বাজেট ও পরিচ্ছন্নতাকর্মীর সংকটসহ বিভিন্ন অজুহাত দেওয়া হয়। এ কারণে আমরা নিজেরাই পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে আমরা প্রশাসনকে দেখাতে চাই, সদিচ্ছা থাকলে সীমিত সামর্থ্যেও কাজ করা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘আমরা জাপানের মতো একটি পরিচ্ছন্ন রাষ্ট্র চাই। যেখানে-সেখানে পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’
এ বিষয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মানিক রহমান বলেন, ‘কচুরিপানা পরিষ্কারের পর যেন আবার ছড়িয়ে না পড়ে, সে জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে চাই। এ ছাড়া এখানে লাল শাপলা বা পদ্ম রোপণের পরিকল্পনা রয়েছে। সরোবর সংস্কারের জন্য বরাদ্দ করা অর্থ যেন শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করে লেকটির সৌন্দর্যবর্ধন করা হয়, সেটিই আমাদের প্রত্যাশা। এ ছাড়া এখানে একটি নৌকার ব্যবস্থা করতে চাই। এতে শিক্ষার্থীরা নৌকা চালানোর সুযোগ পাবে এবং লেকটির সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।’
তাদের এ উদ্যোগে অন্য শিক্ষার্থীরাও এগিয়ে এলে সম্মিলিত প্রচেষ্টায় সরোবরটির নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।