সৌদি আরবের শারুরাহ বিমানবন্দর, খামিস মুশাইত সামরিক ঘাঁটি এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনায় হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এসব দাবি করেন।
বার্তায় ইয়াহিয়া সারি জানান, প্রথম অভিযানে শারুরাহ বিমানবন্দরে অবস্থানরত একটি সামরিক কার্গো বিমান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। দ্বিতীয় অভিযানে খামিস মুশাইত সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে নির্ধারিত লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার দাবিও করেন তিনি।
এ ছাড়া সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
তবে হুতিদের এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত সৌদি আরবের কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা