বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজিসহ সলিম উল্লাহ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নের বড়ুয়াপাড়া চার রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি আভিযানিক দল।
পুলিশ জানায়, অভিযানের সময় একটি সিএনজি তল্লাশি করে ১০০টি প্যাকেটে রাখা মোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় সলিম উল্লাহকে গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন সিএনজিটি জব্দ করা হয়।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।