নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় রেখে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগ এ দিবস উদযাপনের আয়োজন করে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর, অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. অরবিন্দ সাহা, মোহাম্মদ জামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হুদা, ড. মো. কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক ইসরাত জাহান, মো. কামাল হোসেনসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী।
হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর বলেন, হিসাববিজ্ঞান দিবস মূলত হিসাববিজ্ঞানকেন্দ্রিক বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে প্রতিবছর উদযাপন করা হয়। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন হিসাববিজ্ঞানবিষয়ক সংগঠন, যেমন এসিসিএ ও এআইসিপিএ, এ পেশায় নিয়োজিত ব্যক্তিদের উজ্জীবিত করতে এবং বিশ্বব্যাপী এ পেশার প্রতি আগ্রহ সৃষ্টি করতে দিবসটি পালন করে।
উল্লেখ্য, হিসাববিজ্ঞান ও বুককিপিংয়ের জনক ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক লুকা ডি প্যাসিওলির লেখা ‘সুমা ডি এরিথমেটিকা, জিউমেট্রিকা, প্রোপরসনি এট প্রোপরসনালিটা’ নামের বইটি ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রকাশিত হয়। বইটি প্রকাশের দিনটিকে স্মরণ করে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালন করা হয়। পাশাপাশি বিশ্বজুড়ে ব্যবসা পরিচালনায় হিসাববিদদের গুরুত্বপূর্ণ অবদান ও তাঁদের সম্মান জানাতেও দিবসটি উদযাপন করা হয়।