পাবনার চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন ও পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল। একই সঙ্গে তাঁদের নিজ নিজ পদে পুনর্বহাল করা হয়েছে। দীর্ঘদিন পর দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে এর আগে তাঁদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব স্ব পদে পুনর্বহাল করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তক্রমে এ আদেশ কার্যকর করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিক্রিয়ায় উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন বলেন, দলের জন্য তাঁর ভূমিকা ও ত্যাগের বিষয়টি চাটমোহর উপজেলার মানুষ জানেন। দলকে ভালোবেসে আগের মতোই সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখতে চান তিনি।
এ সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।