নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার একটি বটগাছের মাথায় উঠে আটকে পড়া মো. আলহাজ্ব (১৩) নামে এক কিশোরকে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাঁশিলা মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া কিশোর আলহাজ্ব নলডাঙ্গা পৌরসভার পশ্চিম সোনাপাতিল এলাকার মো. রাসেলের ছেলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সে মানসিক ভারসাম্যহীন। সে তার নানা-নানির সঙ্গে বসবাস করত।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আলহাজ্বকে বাড়িতে না পেয়ে তার নানা-নানি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁরা জানতে পারেন, বাঁশিলা এলাকার একটি মাদ্রাসার বটগাছের মাথায় উঠে বসে আছে কিশোরটি।
বিষয়টি জানার পর দ্রুত নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ সময় গাছের নিচে নেট বিছিয়ে এবং বিস্কুটসহ বিভিন্ন উপায়ে কিশোরটিকে নিচে নামানোর চেষ্টা করা হয়।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সফলভাবে তাকে গাছ থেকে নিরাপদে নিচে নামিয়ে আনেন।
নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মোস্তফার নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালিত হয়। উদ্ধার শেষে কিশোরটিকে তার নানা-নানির কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘ চেষ্টার পর কিশোরকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন তার স্বজনেরা।