‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে—ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি দেশের সব উপজেলায় একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরই ধারাবাহিকতায় পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে পলাশবাড়ী সরকারি কলেজের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অলঙ্গ মোহন রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার, থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পবনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মন্ডল, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসাইন জাহাঙ্গীর, বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা এবং হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) পরিচালনা কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন।
এবারের আসরে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিসসহ মোট ১০টি ইভেন্টে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশ নিচ্ছে।
উদ্বোধনী দিনে হরিনাথপুর ও পবনাপুর ইউনিয়নের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় হরিনাথপুর ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে জয় পায় পবনাপুর ইউনিয়ন।
উদ্বোধনী ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম রাজু, এসএম মিজান ও কুসুম চৌধুরী।