খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিশেষ মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন।
সোমবার (২ নভেম্বর) সকালে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসির নির্দেশনায় সেনাবাহিনীর নিয়মিত আর্থসামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়।

মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দুর্গম ওয়াছু আনন্দবাজার এলাকায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে দেড় শতাধিক স্থানীয় পাহাড়ি ও বাঙালিকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. রাফিউর রহমান।
এ ছাড়া দুর্গম পাহাড়ি এলাকার ২০ জন খামারিকে মাটিরাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমার মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়।
দুস্থ ও অসহায় মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। একই সঙ্গে তাঁরা মাটিরাঙ্গা জোনের অধিনায়কসহ সংশ্লিষ্ট সবার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আর্তমানবতার সেবায় কাজ করছে মাটিরাঙ্গা জোন। মাটিরাঙ্গার অসহায়, দুস্থ ও পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নত স্বাস্থ্যসেবা এবং পারস্পরিক সম্প্রীতি নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
এ সময় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, স্থানীয় হেডম্যান, কারবারি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।