লংমার্চের নামে ১১ দলীয় ঐক্য জোট গাড়িমার্চ করছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, লংমার্চের ইতিহাস হলো, লংমার্চ পায়ে হেঁটে করতে হয়। কিন্তু তারা যেটা করছে, সেটাকে গাড়িমার্চ বলে। এই গাড়িমার্চের মাধ্যমেই তারা তাদের কথা বলবে, মানুষ শুনবে। এগুলো নিয়ে আমাদের মন্তব্য নেই। এটি তাদের ব্যাপার। আমরা চাই, একটা দেশে যাদের রাজনীতি করার অধিকার আছে, তারা রাজনীতি করুক।
মতবিনিময় সভায় জেলার মাদক, চোরাচালান, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রবণতা রোধের পদ্ধতি এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নিতাই রায় চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানসহ অন্যরা।
পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।
kalprakash.com/IM