বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কলসকাঠি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলসকাঠি ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অপরাধে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তদের মধ্যে একজনকে ছয় মাসের এবং বাকি দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মাদকবিরোধী এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল। অভিযানে সার্বিক সহযোগিতা করে বাকেরগঞ্জ থানা পুলিশ ও আনসার বাহিনীর একটি দল।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্রজ্যোতি বড়াল জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মাদকবিরোধী ও জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।
সাজাপ্রাপ্তদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রস্তুতিমূলক প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।
kalprakash.com/IM