সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে গতকাল মঙ্গলবার রাতে দেবিদ্বার পৌরসভার আওতাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কুমিল্লা উত্তর জেলা এবং দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা। পরিদর্শনকালে দলটির শীর্ষ নেতাদের একসঙ্গে উপস্থিতি স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।
দেবিদ্বার পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় দেবনাথের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী এবং জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী।
এ সময় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন, সদস্যসচিব কাজী মাসুদ হাসান, দেবিদ্বার পৌর বিএনপির আহ্বায়ক শাহজাহান মোল্লা, সাবেক আহ্বায়ক ভিপি মাহফুজসহ দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।
পূজামণ্ডপ পরিদর্শনকালে দেবিদ্বার বিএনপিতে ঐক্য ফেরার কথা উল্লেখ করে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী বলেন, “দেবিদ্বার বিএনপিতে অতীতে যে বিভাজন সৃষ্টি করা হয়েছিল, তা আমরা ভাঙতে পেরেছি। আজ সব নেতা-কর্মী ঐক্যবদ্ধ হয়ে জনগণের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করছেন।”
একই অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, “এবারের পূজা আমার জন্য কিছুটা ব্যতিক্রম ও বিশেষ অনুভূতির। কারণ, আজ আমার পাশে দাঁড়িয়ে আছে আমার প্রাণপ্রিয় ভাইস্তা রেজভিউল আহসান মুন্সী। আমরা এক হয়ে দেবিদ্বারে সম্প্রীতি ও রাজনীতির সুবাতাস বজায় রাখব।”
পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজা উদযাপন কমিটির সদস্য ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন তাঁরা।
kalprakash.com/IM