বিয়ের আগের দিন গাইবান্ধায় বরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ছিল গায়ে হলুদ, আর শুক্রবার (১৬ অক্টোবর) বিয়ে। বর বরণে নববধূর বাড়িতে আলোকসজ্জায় সজ্জিত গেট ও সাজানো বাড়িঘরে ছিল উৎসবের আমেজ। বরের বাড়িজুড়েও ছিল বিয়ের আনন্দ আর সাজ সাজ রব। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বিষণ্ণতায় রূপ নেয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় কনের বাড়িতে খবর আসে, বর আরিফ শাহরিয়ার সৌমিক আর নেই। মুহূর্তেই ম্লান হয়ে যায় আনন্দ। নববধূর বাড়ির পাশাপাশি গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ায় বরের বাড়িতেও শোকে স্তব্ধ হয়ে পড়েন স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা।
নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ট্রিপল-ই বিষয়ে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়ে উত্তীর্ণ হয়েছিলেন আরিফ শাহরিয়ার সৌমিক (২১)।
সৌমিকের একমাত্র বড় বোন শারমিন সুলতানা বলেন, সৌমিক এক মাস আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। গত চার দিন ধরে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। শরীরের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গেলে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের বিপরীতে বেসরকারি হাসপাতাল মাইশা ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। শারমিনের অভিযোগ, সেখানে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর দুপুর ১টার দিকে চিকিৎসক মনির হোসেন মুরাদ ব্যবস্থাপত্র লিখে দেন।
ওষুধ নিয়ে সৌমিককে বাড়ি নিয়ে যান স্বজনরা। পরে বিকেলে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়লে সাড়ে ৫টার দিকে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। শারমিনের অভিযোগ, জরুরি বিভাগের সামনে প্রায় এক ঘণ্টা রিকশায় বসে ছিলেন সৌমিক। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
kalprakash.com/IM