বাল্যবিবাহ বন্ধ করি, নারী ও কন্যাশিশুর অধিকারে বিনিয়োগ করি, এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে মানবাধিকার লঙ্ঘন ও বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতনসহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, প্রতিবাদ করা এবং প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে নেটজ বাংলাদেশের সহযোগিতায় এবং পল্লীশ্রী সংস্থার হোপ প্রকল্প, পলাশবাড়ী, গাইবান্ধার আয়োজনে এ কার্যক্রম পরিচালিত হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পলাশবাড়ী শহীদ মিনার মাঠে ব্যাপক প্রচারণা ও সচেতনতামূলক কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও নাগরিক সমাজ সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া উপস্থিত ছিলেন থানার তদন্ত কর্মকর্তা প্রশান্ত কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. সালাউদ্দিন আহমেদ খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম নকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, পল্লীশ্রী সংস্থার প্রকল্প পরিচালক শামসুন, পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার, বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মোস্তা এবং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।
এ ছাড়া উপস্থিত ছিলেন পল্লীশ্রী সংস্থার হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক, প্রজেক্ট অ্যাকাউন্ট্যান্ট, এরিয়া কো-অর্ডিনেটর সুজন ও তাইবাতুন নেহার, টেকনিক্যাল কো-অর্ডিনেটর নাফিসা, এফএফ মুক্তি, নাসরিন, দীপ্তি, রওশন, দেলোয়ার, জয়ন্ত, আখেরা প্রমুখ।
ছয়টি ইউনিয়নের শতাধিক সিএসও সদস্য ও শিক্ষার্থী দলে দলে ইউনিয়ন পর্যায় থেকে র্যালি নিয়ে আসেন। র্যালিতে ফেস্টুন ও পোস্টার দিয়ে খোলা যানবাহন সাজিয়ে মাইকে মানবাধিকার ইস্যুতে বিভিন্ন স্লোগান দিয়ে সহস্রাধিক সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছানো হয়। দুপুর ১২টার মধ্যেই মিছিলগুলো নির্দিষ্ট স্থানে সমবেত হয়।
এরপর অতিথিরা অংশগ্রহণকারীদের বরণ করে নেন এবং সিএসও স্টল, শিক্ষার্থী ফোরাম স্টল, থিয়েটার ফোরাম স্টল ও মানবাধিকার লুডু পরিদর্শন করে মঞ্চে আসন গ্রহণ করেন। সিএসও সদস্য ও শিক্ষার্থীদের অর্জন এবং সারভাইভারদের জীবনের গল্প শোনার পর ইউএনওসহ অন্যান্য সরকারি কর্মকর্তা বক্তব্যে যৌথভাবে সহিংসতা, নির্যাতন, বাল্যবিবাহ ও বৈষম্য প্রতিরোধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
kalprakash.com/IM