স্বাধীনতার পর এই প্রথম শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বিএনপি সরকার, এমন মন্তব্য করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জাহান্দার আলী মিয়া।
তিনি বলেন, এ দেশের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। যে দেশে শিক্ষা নেই, সে দেশের মেরুদণ্ড নেই। আমাদের দেশ ১৭ বছর মেরুদণ্ডহীন হয়ে ছিল। ওই সময়ে অনেক শিক্ষার্থী জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। অথচ বিশ্ববিদ্যালয়ের ভাইভা বোর্ডে গিয়ে ফুটবল বানান করতে পারেনি। ইতিহাস কথা বলে। আমরা সেই ইতিহাস থেকে সরে আসতে চাই।
তিনি আরও বলেন, সেই অবস্থা থেকে উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতে বড় বাজেট করেছেন। শিক্ষার্থীরা যেন খেলার মাঠে ও লেখাপড়ায় মনোযোগী থাকে এবং কিশোর গ্যাং, মানব পাচার, ভূমিদস্যুতা, বাল্যবিবাহ ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই শিক্ষাখাতে বড় বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে মাদারীপুরের শিবচরে উৎরাইল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরী, শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ আবু জাফর হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্যসচিব মো. সোহেল রানাসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে জাহান্দার আলী মিয়া আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র এক মাসের মধ্যেই নির্বাচনী ইশতেহারের বেশির ভাগ কাজ বাস্তবায়ন করেছে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
এ ছাড়া মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, ভূমিদস্যুতা ও মানব পাচারের ভয়াবহতা তুলে ধরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এসব বিষয়ে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
kalprakash.com/IM