আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ প্যারেডে পলাশবাড়ী উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভার বাছাইকৃত ৩৬৮ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা অংশ নেন। তারা পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
ব্রিফিংয়ে জানানো হয়, ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত উপজেলার ৬০টি পূজামণ্ডপের মধ্যে চারটি অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপে আটজন করে এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ মণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে।
ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল, থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তৃপ্তি রানী সরকার, উপজেলা প্রশিক্ষক লাইজুল ইসলাম ও উপজেলা প্রশিক্ষিকা সুরভী আক্তার।
তারা আগত আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা দেন। পূজামণ্ডপের সিসি ক্যামেরা তদারকি, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে উদ্যাপিত হোক এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
kalprakash.com/IM