রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে তিন দিনব্যাপী ‘বাংলা মেডিকেল এক্সপো ২০২৬’। চিকিৎসা ও রোগ নির্ণয়ের আধুনিক যন্ত্রপাতি, নতুন প্রযুক্তি এবং এআইভিত্তিক বিভিন্ন পণ্য নিয়ে চলছে এ প্রদর্শনী। গতকাল ছুটির দিন থাকায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা, আমদানিকারক, পরিবেশক ও স্বাস্থ্যসেবাসংশ্লিষ্টদের উপচে পড়া ভিড় দেখা যায়। এসডি প্রোমো মিডিয়া ও এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। আজ প্রদর্শনীর শেষ দিন।
প্রদর্শনীতে চীন, ভারত, পাকিস্তান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, স্পেনসহ বিভিন্ন দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান তাদের সর্বশেষ প্রযুক্তি প্রদর্শন করছে।
গতকাল আইসিসিবির নবরাত্রি হল ঘুরে দেখা যায়, ফোর-ডি ও ফাইভ-ডি আল্ট্রাসনোগ্রাফি মেশিন, ডিজিটাল এক্স-রে, ডেক্সা স্ক্যান, ডিজিটাল ম্যামোগ্রাফি, ভেন্টিলেটর, রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের বিভিন্ন মেশিন, ডায়ালাইসিস মেশিন এবং ইসিজিসহ হৃদযন্ত্রের অবস্থা পর্যবেক্ষণের আধুনিক যন্ত্র প্রদর্শন করা হচ্ছে। এ ছাড়া অস্ত্রোপচারে ব্যবহৃত স্ক্যালপেল, সার্জিক্যাল কাঁচি, নিডল হোল্ডার, সার্জিক্যাল ব্লেড ও হ্যান্ডল এবং হাড়ের চিকিৎসায় ব্যবহৃত স্ক্রু, প্লেটসহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে। এসব পণ্যের পাশাপাশি চিকিৎসা ও রোগ নির্ণয়ে ব্যবহৃত বিভিন্ন এআইভিত্তিক প্রযুক্তিও প্রদর্শন করা হচ্ছে।
মেডি ট্রাস্ট সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক রোকন উদ্দিন বলেন, ‘দর্শনার্থী ও ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি।’
kalprakash.com/IM