ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মনিবন্ধন করার চেষ্টার অভিযোগে মো. আবুল কালাম (৪২) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ৪ নম্বর খাড়েরা ইউনিয়ন পরিষদে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত আবুল কালাম উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম তোরাফ আলী।
প্রশাসন সূত্রে জানা যায়, আবুল কালাম তিনটি জন্মনিবন্ধনের আবেদনে মিথ্যা তথ্য দেন। একটি আবেদনে একজন ব্যক্তিকে নিজের বাবা এবং অন্য দুটি আবেদনে দুই নারীকে নিজের মেয়ে হিসেবে পরিচয় দেন। পরে আবেদনগুলো যাচাই করতে গিয়ে খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান দেখতে পান, ওই ব্যক্তির কোনো ছেলে সন্তান নেই। একইভাবে, আবেদনে মেয়ে হিসেবে উল্লেখ করা দুই নারীর সঙ্গেও তাঁর পিতা-কন্যার সম্পর্ক নেই।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবিরকে ঘটনাস্থলে পাঠান। পরে তিনি বিষয়টি যাচাই করে অভিযোগের সত্যতা পান।
এ সময় আবুল কালাম নিজের অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির জানান, সঠিকভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।