নাটোরের লালপুরে অ্যাপ ব্যবহার করে নারীদের অশ্লীল ও নগ্ন ভিডিও ধারণ ও সংরক্ষণ করে পরে তা ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে পাঠিয়ে ভয় দেখানো এবং অর্থ আদায়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালপুর উপজেলার উধনপাড়া গ্রামের মো. মাহমুদুন নবীর ছেলে মো. নাদিম মাহমুদ (২৩) এবং একই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. স্বধীন আলী (২৪)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাঁদের নাটোরের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই মো. মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৭ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে উধনপাড়া গ্রামের নাদিম মাহমুদের টিনসেড বিল্ডিংয়ের উত্তর দুয়ারী ঘরে অভিযান চালান। এ সময় নাদিম মাহমুদ ও স্বধীন আলীকে আটক করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ‘Chamet’ অ্যাপ ব্যবহার করে নারীদের অশ্লীল ও নগ্ন ভিডিও ধারণ ও সংরক্ষণ করতেন। পরে ধারণকৃত ভিডিওগুলো সংশ্লিষ্ট নারীদের ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে পাঠিয়ে ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।
অভিযানে তাঁদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোনসহ মোট তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
kalprakash.com/IM