কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় সন্দেহের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী কেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দ্রুতবেগে গেলেন? বিষয়টি নিয়ে একধরনের সন্দেহ থেকে যায়।
রোববার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী গত শনিবার থেকে কুষ্টিয়ায় ছিলেন। কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিও করেছেন। বিএনপি বা অঙ্গসংগঠনের কেউ তাঁর সঙ্গে কোনো ঝামেলায় যায়নি। রোববার রাতে তিনি লালন শাহের মাজারে যান। তাঁর সঙ্গে এনসিপির নেতা-কর্মীরাও ছিলেন। সেখানে গিয়ে মাজারে অবস্থানরত পাগলদের সঙ্গে বেশ সময় কাটান তিনি। চলে আসার সময় কতিপয় ব্যক্তির সঙ্গে এনসিপির নেতা-কর্মীদের বাকবিতণ্ডা হয়। সেখান থেকে একটি গাড়ি ভাঙচুরের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে কুষ্টিয়া বিএনপির নেতা-কর্মীদের কোনো সম্পৃক্ততা নেই।
রাশেদ খাঁন আরও বলেন, এ বিষয়ে কুষ্টিয়ার স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন। বিষয়টি কারও নখদর্পণে ছিল না। এমনকি নাসীরুদ্দীন পাটওয়ারী যে লালন শাহের মাজারে গেছেন, এটাও প্রশাসনের কাউকে অবহিত করেননি। একজন নেতা প্রশাসনকে অবহিত না করে যত্রতত্র চলাফেরা করতে পারেন?
তিনি বলেন, ঘটনা জানতে পেরে পুলিশ সঙ্গে সঙ্গে উপস্থিত হয়। কিন্তু নাসীরুদ্দীন পাটওয়ারী পুলিশি নিরাপত্তায় খানিকটা এসে গাড়ি পরিবর্তন করে দ্রুতবেগে স্থান ত্যাগ করেন। ঝিনাইদহের ঘটনায় যেখানে তিনি সঙ্গে সঙ্গে থানায় চলে গেলেন, সেখানে কুষ্টিয়ার ঘটনায় কেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দ্রুতবেগে গেলেন? বিষয়টি নিয়ে একধরনের সন্দেহ থেকে যায়।
kalprakash.com/IM