ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘রুহিয়া ব্লাড ব্যাংক’-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রুহিয়া উপজেলার কশালগাঁও একরামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
এ কার্যক্রমে স্থানীয় শিক্ষার্থী ও বিভিন্ন বয়সের দেড় শতাধিক (১৫০ জন) সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। গ্রামীণ পর্যায়ে মানুষের মধ্যে রক্তদানের সচেতনতা বাড়ানো এবং নিজ নিজ রক্তের গ্রুপ সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়াই ছিল কর্মসূচির মূল লক্ষ্য।
ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা করেন আমেরিকা প্রবাসী মোহাম্মদ শাহ আলম, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আবুল হোসেন এবং স্থানীয় চিকিৎসক ডা. মো. আলাল হুদা আকন্দ। অভিজ্ঞ টেকনিশিয়ান ও সংগঠনের স্বেচ্ছাসেবীদের পরিচালনায় সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে রুহিয়া ব্লাড ব্যাংকের সভাপতি মো. মাহিন ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফাহিম মোস্তাফিজ, টেকনিশিয়ান মোহাম্মদ আরিফুল ইসলাম, সদস্য মো. মুরাদ হোসেন ও জেমিসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘরের কাছে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। কশালগাঁও গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের গ্রামীণ এলাকায় এখনো অনেকে নিজের রক্তের গ্রুপ জানেন না। ফলে জরুরি সময়ে রক্তের প্রয়োজন হলে রক্ত মেলাতে গিয়ে মূল্যবান সময় নষ্ট হয়। রুহিয়া ব্লাড ব্যাংকের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এখন থেকে জরুরি প্রয়োজনে আমরা সহজেই একে অপরকে রক্ত দিয়ে সহযোগিতা করতে পারব।’
সংগঠনের সভাপতি মো. মাহিন ইসলাম বলেন, ‘জরুরি চিকিৎসার সময় রক্ত না পাওয়ার কারণে অনেক রোগী সংকটে পড়েন। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষ যাতে নিজেদের রক্তের গ্রুপ জেনে জরুরি সময়ে রক্তদানে এগিয়ে আসতে পারেন, সে লক্ষ্যেই আমাদের এ প্রচেষ্টা। প্রবাসী ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আমরা বিনামূল্যে এ ক্যাম্পেইন সফল করতে পেরেছি। জনস্বার্থে আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
সংগঠনটির এমন জনকল্যাণমুখী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও তরুণ প্রজন্ম।
kalprakash.com/IM