রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:০৭:৩৮
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

ঢামেকে ডেঙ্গুতে মৃত্যু ৪২, সেপ্টেম্বরে ভর্তি ১ হাজার ৪০৩

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:২৮
শেয়ার: mail
ঢামেকে ডেঙ্গুতে মৃত্যু ৪২, সেপ্টেম্বরে ভর্তি ১ হাজার ৪০৩

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ হাজার ৮৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে মারা গেছেন ৪২ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ১৮১ জন, আর নিজ দায়িত্বে হাসপাতাল ছেড়েছেন ৫৭৯ জন।

শনিবার সরেজমিনে ঘুরে হাসপাতালটি থেকে এসব তথ্য জানা গেছে। সরেজমিনে দেখা যায়, ঢাকা মেডিকেলের নতুন ভবনের মেডিসিন বিভাগে ডেঙ্গু ওয়ার্ড ৫০২, ৪০২ ও ৭০২। ডেঙ্গু রোগীদের জন্য ডেডিকেটেড এই তিন ওয়ার্ডেই রোগীদের ভর্তি করা হচ্ছে। হাসপাতালে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। রোগীদের চিকিৎসাব্যবস্থা ভালো থাকলেও স্বজনদের (অ্যাটেনডেন্ট) সংখ্যা অনেক বেশি। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ প্রত্যেক রোগীকে মশারি সরবরাহ করলেও নানা অজুহাতে তাঁরা মশারি টানাচ্ছেন না।

গাজীপুর থেকে চিকিৎসা নিতে আসা ১৮ বছর বয়সী ফারহান বলেন, ‘আমরা গাজীপুর থাকি। সেখানে বেশ কয়েক দিন জ্বর থাকার পর গাজীপুর হাসপাতালে ভর্তি ছিলাম। প্লাটিলেট কমে যাওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেলে রেফার করে। এখন আগের থেকে একটু ভালো আছি।’ মশারি সরবরাহ করা হলেও কেন টানানো হচ্ছে না, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হাসপাতাল থেকে মশারি দিয়েছে ঠিকই, কিন্তু টানানোর ব্যবস্থা পাচ্ছি না।’

ঢাকার কামরাঙ্গীরচর থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন আফরোজা আক্তার নামে এক নারী। তিনি বলেন, ‘কয়েক দিন ধরে জ্বরের পর ডেঙ্গু পরীক্ষা করলে পজিটিভ আসে। এরপর ঢাকা মেডিকেলে এসে ভর্তি হই। মুখে কিছু খেতে পারছি না, বমি হয়ে বের হয়ে যাচ্ছে। পরে ঢাকা মেডিকেলে স্যালাইন নেওয়া শুরু করি। আমার ১ লাখের নিচে নেমে এসেছিল। সেটার কিছুটা বৃদ্ধি পেয়েছে। হাসপাতালের ওয়াশরুমগুলো অনেক নোংরা।’

মশারি থাকতেও কেন টানানো হচ্ছে না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভেতরে রোগীর সংখ্যা অনেক বেশি, গরম। মশারি টানালে ভেতরে বাতাস প্রবেশ করে না। মশারি দিয়েছে ঠিকই, কিন্তু টানানোর ব্যবস্থা তো সেরকম দেখছি না।’

নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন জানান, ‘ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য ডেডিকেটেড ওয়ার্ডগুলোতে সবার জন্য মশারির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তাঁরা মশারি ব্যবহার করছেন না। এতে তাঁদের সঙ্গে থাকা অ্যাটেনডেন্টদেরও ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা গত দুই বছরের তুলনায় কম। ২০২৫ সালে হাসপাতালে ডেঙ্গুতে ১১৮ জন এবং ২০২৪ সালে ৯৫ জনের মৃত্যু হয়েছিল। অর্থাৎ গত দুই বছরে ঢামেকে ডেঙ্গুতে মারা গেছেন ২১৩ জন।

তবে চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। সেপ্টেম্বরে সর্বোচ্চ ১ হাজার ৪০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অক্টোবরের প্রথম তিন দিনেই ভর্তি হয়েছেন ১২৭ জন।

সেপ্টেম্বরে ভর্তি ১ হাজার ৪০৩

ঢামেকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। জানুয়ারিতে ৪৫, ফেব্রুয়ারিতে ২৬, মার্চে ৩০, এপ্রিলে ৪১, মে মাসে ৭৫ এবং জুনে ১২২ জন ভর্তি হন।

জুলাই থেকে ভর্তি রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। ওই মাসে ৩৭২ জন, আগস্টে ৮৪৪ জন এবং সেপ্টেম্বরে ১ হাজার ৪০৩ জন রোগী ভর্তি হয়েছেন। অক্টোবরের প্রথম তিন দিনে ভর্তি হয়েছেন আরও ১২৭ জন। ছাড়পত্র পেয়েছেন ৬৬ জন, নিজ দায়িত্বে চলে গেছেন ৩১ জন এবং ৪০২ ও ৫০২ নম্বর ওয়ার্ডে দুজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত ঢামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ৮৫ জন রোগী ভর্তি হয়েছেন।

তিন বছরে ভর্তি ১০ হাজারের বেশি

ঢামেকের গত তিন বছরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ডেঙ্গুতে মোট ৩ হাজার ৪০৯ জন, ২০২৫ সালে ৩ হাজার ৮৮৮ জন এবং ২০২৬ সালের ৩ অক্টোবর পর্যন্ত ৩ হাজার ৮৫ জন রোগী ভর্তি হয়েছেন।

২০২৪ সালে জানুয়ারিতে ৬৫, ফেব্রুয়ারিতে ২৪, মার্চে ১৮, এপ্রিলে ৩৭, মে মাসে ৪৭, জুনে ৬৬, জুলাইয়ে ১৪৪, আগস্টে ৩৪৬, সেপ্টেম্বরে ৭৯৪, অক্টোবরে ৮৮২, নভেম্বরে ৬৭৮ এবং ডিসেম্বরে ৩০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হন।

২০২৫ সালে জানুয়ারিতে ৭১, ফেব্রুয়ারিতে ২২, মার্চে ২৪, এপ্রিলে ৩৫, মে মাসে ৭২, জুনে ২২৯, জুলাইয়ে ৩৯৯, আগস্টে ৫৩৪, সেপ্টেম্বরে ৬৯৬, অক্টোবরে ৭৬২, নভেম্বরে ৭৭৯ এবং ডিসেম্বরে ২৬৫ জন ভর্তি হন।

চলতি বছর সেপ্টেম্বরে মৃত্যু সবচেয়ে বেশি

ঢামেকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে জানুয়ারিতে ডেঙ্গুতে ২ জন, ফেব্রুয়ারিতে কেউ মারা যাননি, মার্চে ২, এপ্রিলে কেউ মারা যাননি, মে মাসে ২, জুনে ১, জুলাইয়ে ১০, আগস্টে ১০, সেপ্টেম্বরে ১৩ এবং অক্টোবরের প্রথম তিন দিনে ২ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত সেপ্টেম্বরে ডেঙ্গুতে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে। জুলাই ও আগস্টে ১০ জন করে মারা গেছেন।

২০২৫ সালে ডেঙ্গুতে মোট ১১৮ জন এবং ২০২৪ সালে ৯৫ জনের মৃত্যু হয়। তিন বছরের মাসভিত্তিক মৃত্যুর হিসাবে ২০২৫ সালের অক্টোবরে সর্বোচ্চ ২৫ জন এবং ২০২৪ সালের অক্টোবরে ২৪ জনের মৃত্যু হয়েছিল।

বর্তমানে ঢামেকে ভর্তি ২৯৮ রোগী

৩ অক্টোবরের হিসাব অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢামেকে ডেঙ্গু নিয়ে ১২৭ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ৬৬ জন ছাড়পত্র পেয়েছেন এবং ৩১ জনকে ডিওআরবিতে রাখা হয়েছে। এ সময়ে ডব্লিউ-৪০২ ও ৫০২ নম্বর ওয়ার্ডে দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বর্তমানে ঢামেকে ভর্তি রয়েছেন মোট ২৯৮ জন ডেঙ্গু রোগী। তাঁদের মধ্যে ১৪১ জন পুরুষ, ৮৯ জন নারী এবং ৬৮ জন শিশু।

২১ থেকে ৩০ বছর বয়সীরা বেশি আক্রান্ত

বয়সভিত্তিক তথ্য অনুযায়ী, চলতি বছর ঢামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সীরা সবচেয়ে বেশি। এই বয়সসীমায় ৮৬২ জন রোগী ভর্তি হয়েছেন। এরপর ১১ থেকে ২০ বছর বয়সী ৬২২ জন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সী ৫৬৪ জন রোগী ভর্তি হয়েছেন।

এ ছাড়া ০ থেকে ১০ বছর বয়সী ৩৭৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩২৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২০৫ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৯৪ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ২৭ জন এবং ৮০ বছরের বেশি বয়সী ৯ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে মৃত ৪২ জনের মধ্যে ৪১ থেকে ৫০ বছর বয়সী ৯ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৭ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৬ জন, ০ থেকে ১০ বছর বয়সী ৫ জন, ১১ থেকে ২০ বছর বয়সী ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৪ জন এবং ৭১ থেকে ৮০ বছর বয়সী একজন রয়েছেন। ৮০ বছরের বেশি বয়সী কোনো রোগীর মৃত্যু হয়নি।

ঢাকা মেডিকেলে রোগীর সংখ্যা বাড়ছে কি না এবং বর্তমানে ডেঙ্গু রোগীদের অবস্থা কী, এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন বলেন, ডেঙ্গু রোগী-সংক্রান্ত সব তথ্য দেওয়ার দায়িত্ব উপ-পরিচালক ডা. আশরাফুল আলমকে দেওয়া হয়েছে। এসব বিষয়ে তাঁর কাছ থেকেই জানা যাবে।

ডেঙ্গু-সংক্রান্ত বিষয়ে জানতে উপ-পরিচালক ডা. আশরাফুল আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ঢামেকে ডেঙ্গুতে মৃত্যু ৪২, সেপ্টেম্বরে ভর্তি ১ হাজার ৪০৩

বিস্তারিত কমেন্টে