রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে শিক্ষার্থীদের লক্ষ করে পাথর নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। তাঁদের মধ্যে দুজনকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে এবং একজনকে ঈশ্বরদী থেকে আটক করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান।
তিনি বলেন, বেশ কিছুদিন ধরে রাবি রেলস্টেশনে শিক্ষার্থীদের লক্ষ করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ উদ্বিগ্ন। এ বিষয়ে অনুসন্ধানের জন্য রেল কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করা হয়েছে।
প্রক্টর জানান, অবশেষে আজ সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। ঈশ্বরদী থেকে আরও একজনকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। তাঁদের রিমান্ডে নিয়ে এ ঘটনার পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে কয়েকদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের লক্ষ করে চলন্ত ট্রেন থেকে ইট-পাথর নিক্ষেপের অভিযোগ ওঠে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পাশাপাশি স্টেশনের আশপাশের দোকানেও ক্ষয়ক্ষতি হয়।
kalprakash.com/IM