আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে শৌচাগারে যাওয়ার কথা বলে পালিয়ে গেছেন ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা। এ ঘটনায় প্রিজন ভ্যানের চালকসহ পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরা শেষে পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথে প্রিজন ভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে তিনি শৌচাগারে যাওয়ার কথা বলেন।
পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাঁকে একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে সুযোগ বুঝে কৌশলে পালিয়ে যান পিচ্চি রাজা।
এ ঘটনায় প্রিজন ভ্যানের চালকসহ দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার কারণ ও দায়িত্বে অবহেলার বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে কমিটি তদন্ত করবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।
মোহাম্মদপুর থানা পুলিশের একটি সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়।
সূত্রের দাবি, পিচ্চি রাজা, তাঁর স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবর পেয়ে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাঁদের হেফাজতে নেওয়া হয়।
পুলিশের ওই সূত্র আরও জানায়, পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে।
এদিকে পালিয়ে যাওয়া পিচ্চি রাজাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
kalprakash.com/IM