মাদকমুক্ত সমাজ গড়ি, খেলাধুলার সঙ্গে থাকি—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের গাববাড়ি ধামসার যুবসমাজের আয়োজনে জুনিয়র মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ধামসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমজমাট এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সমাজসেবক মো. লোকমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. শরীফ উদ্দিন, মো. সবুজ মিয়া, সমাজসেবক মো. কাউসার আহমেদ, মো. জালাল উদ্দিন, মো. জসিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
আলম মাইক সার্ভিস অ্যান্ড ডেকোরেটরের পরিচালক মো. আলম মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় স্থানীয় স্পেন জুনিয়র ফুটবল দল ও আর্জেন্টিনা জুনিয়র ফুটবল দল।
শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করায় ১-১ গোলে সমতায় থেকে খেলা শেষ হয়। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আর্জেন্টিনা জুনিয়র ফুটবল দলকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্পেন জুনিয়র ফুটবল দল।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা বলেন, যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি হবে।
স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হবে।
kalprakash.com/IM