স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বেহেস্তের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে। ফ্যাসিস্টরা বলছে, ডিসেম্বরে নাকি তাদের রানীমা দেশে আসবে। আর রাজাকাররা বলছে, ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাই আপনাদের সাবধান থাকতে হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমাদের পরনির্ভরশীল রাখার জন্য নতুন একটি গ্যাসকূপও খনন করেনি। আমরা বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে দ্রুত বঙ্গোপসাগরে গ্যাসকূপ খনন করব, যাতে আমরা আরও বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এ ছাড়া জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে আমাদের সব খাতের ভবনের ছাদে সৌরবিদ্যুতের কার্যক্রম হাতে নিয়েছি। আমরা কারও ওপর নির্ভর করতে চাই না।
মন্ত্রী আরও বলেন, দেশ বাঁচাতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। সে লক্ষ্যে আগামী মাস থেকে ব্যাপক হারে জনসংখ্যা নিয়ন্ত্রণের পিলসহ অন্যান্য সামগ্রী বিতরণ শুরু করা হবে। নরমাল ডেলিভারির জন্য নতুন নতুন ওষুধ ও মেশিন আনা হচ্ছে। কেউ দালালের খপ্পরে পড়ে মায়েদের সিজারের দিকে নিয়ে যাবেন না। আগামী শনিবার থেকে পুনরায় হামের টিকা কার্যক্রম শুরু হবে। যাঁরা টিকা নেননি, তাঁরা সবাই গিয়ে বাচ্চাদের টিকা নিয়ে নেবেন।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
এ সময় উপজেলার বিভিন্ন স্কুলে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন মন্ত্রী। এর আগে সকালে উপজেলার কাচিকাটা ইউনিয়নের কাটাবাড়িয়ায় পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।
kalprakash.com/IM