ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নেমতাবাদে নেমতাবাদ সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নেমতাবাদ দাখিল মাদ্রাসা মাঠে এ ক্যাম্প চলে।
সংসদের সভাপতি মো. মাসুদুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
এ সময় সংগঠনের সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন আমেরিকাপ্রবাসী মো. শওকত উসমান জাফরী।
চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালনায় আয়োজিত এ ক্যাম্পে কসবা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৭৬০ জন চক্ষু রোগী চিকিৎসাসেবা নেন। ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ, ওষুধ ও চশমা দেওয়া হয়। এর মধ্যে ৪২ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্দেশ্যে বাছাই করা হয়। এ ছাড়া ১৫৯ জন রোগীকে ওষুধ ও চশমা দেওয়া হয়েছে। অন্য রোগীদেরও প্রয়োজন অনুযায়ী চিকিৎসা, ওষুধ ও পরামর্শ দেওয়া হয়।
সেবামূলক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও নেমতাবাদ সমাজ কল্যাণ সংসদের পক্ষ থেকে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।
kalprakash.com/IM