অবশেষে ১১ বছর পর নতুন বেতনকাঠামো পাচ্ছেন সরকারি কর্মচারীরা। তিন ধাপে বাস্তবায়ন করা হবে নবম জাতীয় পে স্কেল। বেতনের পাশাপাশি সরকারি কর্মচারীদের পেনশন নিয়েও সুখবর দেওয়া হয়েছে সেখানে।
অর্থ মন্ত্রণালয়ের জারি করা গেজেটে সরকারি কর্মচারীদের পেনশন সম্পর্কে বলা হয়েছে, আগামী অর্থবছরের শুরু থেকে তাঁরা পূর্ণাঙ্গ পেনশন পাবেন।
সদ্য জারি করা গেজেটে বলা হয়েছে, আদেশের অনুচ্ছেদ ৫, ৭ ও ৮-এর বিধান অনুযায়ী ১ জুলাই ২০২৬ তারিখে মূল পেনশনভোগীর নিট পেনশন নির্ধারণ করা হবে। এরপর নিট পেনশনবৃদ্ধি বাবদ মোট অঙ্কের (জাতীয় বেতনস্কেল, ২০২৬-এ নির্ধারিত নিট পেনশন ও ৩০ জুন ২০২৬ তারিখে আহরিত নিট পেনশনের পার্থক্য) একটি নির্দিষ্ট অংশ ৩০ জুন ২০২৬ তারিখে আহরিত বা প্রাপ্য নিট পেনশনের সঙ্গে যোগ করে দেওয়া হবে। ধাপ অনুযায়ী এই অংশ ও সময়সীমা নিচে দেওয়া হলো—
- প্রথম ধাপ (১ জুলাই ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬): বিদ্যমান নিট পেনশন স্ল্যাব ২০ হাজার ১ টাকা ও তদূর্ধ্বের ক্ষেত্রে শতকরা ৪০ ভাগ এবং স্ল্যাব ১ টাকা (সর্বনিম্ন) থেকে ২০ হাজার টাকার ক্ষেত্রে শতকরা ৫০ ভাগ।
- দ্বিতীয় ধাপ (১ জানুয়ারি ২০২৭ থেকে ৩০ জুন ২০২৭): বিদ্যমান নিট পেনশন স্ল্যাব ২০ হাজার ১ টাকা ও তদূর্ধ্বের ক্ষেত্রে শতকরা ৭০ ভাগ এবং স্ল্যাব ১ টাকা (সর্বনিম্ন) থেকে ২০ হাজার টাকার ক্ষেত্রে শতকরা ৭৫ ভাগ।
- তৃতীয় ধাপ (১ জুলাই ২০২৭ থেকে): আদেশের অনুচ্ছেদ ৫, ৭ ও ৮-এর বিধান অনুযায়ী বার্ষিক বৃদ্ধিসহ (ইনক্রিমেন্ট) নিট পেনশন শতভাগ প্রদান করা হবে।
kalprakash.com/IM