ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত সব রাজ্যে বিতর্কিত অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) দ্রুত বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সরকারের এমন পদক্ষেপে ভারতের বিশাল মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নতুন করে গভীর উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে।
১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারতে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সবার জন্য একক আইন প্রযোজ্য হলেও বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও পারিবারিক বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব ব্যক্তিগত ও ধর্মীয় আইন কার্যকর রয়েছে। এসব পৃথক ব্যক্তিগত আইনের পরিবর্তে সব ধর্মের নাগরিকদের জন্য একটি অভিন্ন দেওয়ানি আইন প্রণয়ন করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের দীর্ঘদিনের প্রধান রাজনৈতিক লক্ষ্য।
ইতোমধ্যে ভারতের অন্তত চারটি রাজ্যে ইউসিসি কার্যকর করা হয়েছে। রোববার অমিত শাহ বলেন, কয়েকটি রাজ্যে সফলভাবে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, ২০২৯ সালের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট শাসিত ২১টি রাজ্যেই ইউসিসি কার্যকর করা সম্ভব হবে।
দেশটিতে ইউসিসি কার্যকরের এই জোর তৎপরতায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে নিজস্ব ধর্মীয় স্বাধীনতা ও পারিবারিক রীতি অনুসরণের অধিকার খর্ব হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সমালোচকদের মতে, অভিন্ন আইন চালুর মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘুদের প্রচলিত ব্যক্তিগত আইন ও ঐতিহ্যকে সঙ্কুচিত করা হতে পারে।
তবে ইউসিসির সমর্থকদের দাবি, এ আইন কার্যকর হলে সমাজে বহুবিবাহ প্রথা বন্ধ হবে এবং নারী-পুরুষের সম্পত্তিতে সমান অংশীদারি নিশ্চিত হবে। তাদের মতে, আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদ বাধ্যতামূলক হলে মুসলিম নারীদের আইনি সুরক্ষার মান অন্যান্য সম্প্রদায়ের নারীদের সমপর্যায়ে পৌঁছাবে।
উল্লেখ্য, বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ ভারতে সনাতন ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ হলেও সেখানে প্রায় ২২ কোটি মুসলিম বসবাস করেন, যা সংখ্যার বিচারে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী।
kalprakash.com/IM