রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ‘কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক (সিজেন)-এর রিজিওনাল ক্লাস্টার মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।
১৩ সেপ্টেম্বর ২০২৬, শনিবার বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একটি শ্রেণিকক্ষে কর্মশালাভিত্তিক এ সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক গণমাধ্যম উন্নয়ন সংস্থা ডয়চে ভেলে (ডিডব্লিউ) একাডেমি ও সিজেন বাংলাদেশের সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।
কর্মশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থী ও তরুণ গবেষকদের গবেষণার সারসংক্ষেপ (অ্যাবস্ট্রাক্ট) এবং রিসার্চ কনসেপ্ট নোট তৈরিতে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদানই ছিল এ সভার মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন বকুল। তিনি বলেন, সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, সংবাদ গ্রহণের মাধ্যম হিসেবে শর্ট-ফর্ম ভিডিওর ব্যবহার এবং অপতথ্যের বিস্তার বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। এগুলো কেবল শ্রেণিকক্ষের বিষয় নয়, বরং আমাদের সমাজ, গণতন্ত্র ও ভবিষ্যতের প্রশ্ন। তিনি শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রে নিখুঁত অ্যাবস্ট্রাক্ট লেখার চাপ না নিয়ে সুনির্দিষ্ট সমস্যা চিহ্নিত করা, অর্থপূর্ণ গবেষণা প্রশ্ন তৈরি এবং যৌথ গবেষণার ওপর জোর দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপ-উপাচার্য ও সিজেন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. জুড ডব্লিউ. আর. জেনিলো বলেন, ২০১৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী ডিক্লারেশনের মাধ্যমে সিজেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জ্ঞান বিনিময় ও যৌথ গবেষণা সম্প্রসারণ করাই এ প্ল্যাটফর্মের প্রধান লক্ষ্য।
তিনি জানান, আগামী ২৭ ও ২৮ নভেম্বর ঢাকার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) সিজেনের ১১তম নেটওয়ার্কিং কনফারেন্স অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মিডিয়া এডুকেশন ইন ট্রানজিশন’। এতে গবেষণাপত্র উপস্থাপনের জন্য আগ্রহীদের ২৫০ শব্দের মধ্যে অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়ার আহ্বান জানান তিনি।
কর্মশালায় একটি মানসম্মত অ্যাবস্ট্রাক্ট রচনার বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম। এছাড়া শব্দ-সাশ্রয় ও সাবলীল উপস্থাপনার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের হাতে-কলমে অনুশীলন করান অধ্যাপক ড. মো. মশিহুর রহমান।
অনুষ্ঠানে আরও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ও সিজেন বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য ড. নাজিয়াত হোসেন চৌধুরী এবং ডয়চে ভেলে একাডেমি ঢাকার প্রজেক্ট ম্যানেজার ও কো-অর্ডিনেটর জিমি আমির। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক আমেনা খাতুন।
kalprakash.com/IM