ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭০০ গ্রাম গাঁজা ও ১৩ লিটার ৪০০ মিলিলিটার ভারতীয় মদসহ মো. জমশেদ মিয়া (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে কসবা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাগর হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাউৎখলা এলাকায় জমশেদ মিয়ার বসতবাড়ির পশ্চিম পাশে থাকা একটি টিনশেড গোয়ালঘরে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে জমশেদ মিয়াকে আটক করা হয়।
পরবর্তীতে তার হেফাজত থেকে ৭০০ গ্রাম গাঁজা এবং বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ১৬টি কাচের বোতলে থাকা ‘হি-ম্যান ৯০০০ স্ট্রং বিয়ার’ (HE-MAN 9000 STRONG BEER) এবং ৬টি টিনের ক্যানে থাকা ‘কিংফিশার স্ট্রং প্রিমিয়াম বিয়ার’ (KINGFISHER STRONG PREMIUM BEER) মিলিয়ে মোট ১৩ লিটার ৪০০ মিলিলিটার ভারতীয় মদ জব্দ করা হয়।
গ্রেপ্তার জমশেদ মিয়া রাউৎখলা এলাকার মৃত কুটু মিয়ার ছেলে।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) কসবা থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
kalprakash.com/IM