বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার চরম অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ক্যাফেটেরিয়ার পরিচালকের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা ও প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, শিক্ষকতার পাশাপাশি একাধিক প্রশাসনিক দায়িত্বে থাকায় তিনি ক্যাফেটেরিয়া পরিচালনায় প্রয়োজনীয় সময় ও নিয়মিত তদারকি দিচ্ছেন না।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাফেটেরিয়ায় দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। সম্প্রতি খাবারের প্লেটে কুকুরের মুখ দেওয়ার মতো ঘটনাও প্রত্যক্ষ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া ক্যাফেটেরিয়ার ভেতরের ডাইনিং এবং চারপাশের পরিবেশ দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে। হাত ধোয়ার স্থান ও শৌচাগারগুলোও মারাত্মক অপরিষ্কার ও দুর্গন্ধময় হয়ে উঠেছে।
শিক্ষার্থীদের দাবি, ক্যাফেটেরিয়ার মতো একটি সংবেদনশীল স্থাপনায় স্বাস্থ্যকর পরিবেশ ও স্বাস্থ্যসম্মত খাবারের মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি জরুরি হলেও সংশ্লিষ্ট পরিচালকের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
জানা গেছে, ক্যাফেটেরিয়ার পরিচালক চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক। একাডেমিক পাঠদানের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলের সহকারী প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। একাধিক পদে যুক্ত থাকার কারণে তিনি ক্যাফেটেরিয়ায় পর্যাপ্ত সময় দিতে পারছেন না বলে অভিযোগ শিক্ষার্থীদের।
ক্যাফেটেরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী তানভীর দিপু বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার এমন চিত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খাবারের নিম্নমান ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে প্রতিদিন স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। পরিচালক পদে থেকে দায়িত্ব পালনে ব্যর্থ হলে প্রশাসনের উচিত সক্ষম কোনো ব্যক্তিকে এ পদে দায়িত্ব দেওয়া।
এ বিষয়ে জানতে ক্যাফেটেরিয়ার পরিচালক চার্লস ডারউইনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এমনকি তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, তিনি যেহেতু দায়িত্বে আছেন, সেহেতু এ বিষয়ে তার আরও দায়িত্বশীল আচরণ করা উচিত। আমি উপাচার্য মহোদয়ের সঙ্গে কথা বলে তাকে বিষয়টি জানাব।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, উনার সঙ্গে ক্যাফেটেরিয়ার বিষয়ে কথা হয়েছে। আশা করছি, পরবর্তীতে তিনি সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করবেন।
এদিকে দ্রুততম সময়ে ক্যাফেটেরিয়ার পরিবেশের সার্বিক উন্নয়ন, খাবারের পুষ্টিমান নিশ্চিত করা এবং প্রশাসনের কঠোর নজরদারি ব্যবস্থা চালুর জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
kalprakash.com/IM