দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সরকার গঠনের পর শনিবার তৃতীয়বারের মতো স্থায়ী কমিটির বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। একই সঙ্গে সম্প্রতি স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া নতুন চার সদস্যকে নিয়ে এটিই হবে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। নবনিযুক্ত এই চার সদস্য হলেন—রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ইসমাইল জবিহউল্লাহ।
বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শনিবার রাতে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠানের প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন।
এদিকে দলীয় সূত্রের দাবি, শনিবার ঢাকায় স্থায়ী কমিটির বৈঠক ডাকার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে যোগ না দেওয়ার বিষয়টি চূড়ান্তভাবে স্পষ্ট হলো।
উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লির ভারত মণ্ডপমে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের অংশ নেওয়ার কথা রয়েছে।
kalprakash.com/IM