বাংলাদেশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসন-৩০ (পাবনা-সিরাজগঞ্জ)-এর সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাজাহানকে সভাপতি করে সম্প্রতি ৯ সদস্যবিশিষ্ট সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাসহ আরও সাতজন সংসদ সদস্য।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর, সংরক্ষিত নারী আসন-১১-এর সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো. মাজেদুর রহমান এবং কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন দায়িত্ব পাওয়ায় অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার নির্বাচনী এলাকা পাবনা ও সিরাজগঞ্জের রাজনৈতিক নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
স্থানীয় কর্মী-সমর্থক ও সুধীজন আশা প্রকাশ করছেন, এই নতুন দায়িত্বের মধ্য দিয়ে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা সমাজকল্যাণ খাতের টেকসই উন্নয়ন, পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তৃণমূলের সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
kalprakash.com/IM