স্পেনের ফুটবলে এবার আরও বড় পরিসরে বিনিয়োগের পথে হাঁটছেন লিওনেল মেসি। দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব ‘সিডি এলদেনসে’ কিনতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। তবে মালিকানা হস্তান্তরের চূড়ান্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’ জানিয়েছে, ক্লাবটির বর্তমান মালিক কলম্বিয়ান বিনিয়োগকারী গোষ্ঠী টিএইচের (TH) কাছ থেকে শতভাগ শেয়ার কিনে নেওয়ার বিষয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সমঝোতা হয়েছে। মেসির আইনজীবীরা বেশ কিছুদিন ধরেই এ চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।
এ বিনিয়োগে মেসির সঙ্গে অন্য কোনো অংশীদার থাকছেন না; একক মালিক হিসেবেই তিনি ক্লাবটি অধিগ্রহণ করছেন। তবে চুক্তি চূড়ান্ত করার আগে ক্লাবের আর্থিক অবস্থা যাচাইসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এছাড়া স্পেনের সর্বোচ্চ ক্রীড়া পরিষদের (সিএসডি) আনুষ্ঠানিক অনুমোদনেরও প্রয়োজন পড়বে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এলদা শহরের মেয়র রুবেন আলফারোও এ সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিক সমঝোতার বিষয়টি আমাদের নিশ্চিত করা হয়েছে। তবে চূড়ান্তভাবে চুক্তিটি সম্পন্ন হয় কি না, তা এখন দেখার বিষয়।’ মেসির আগ্রহে আনন্দ প্রকাশ করার পাশাপাশি চুক্তি শেষ না হওয়া পর্যন্ত সতর্ক অবস্থানের কথা জানান মেয়র। তাঁর ভাষ্য অনুযায়ী, ক্লাবের বর্তমান সভাপতি কারোলিনা হলগুইন কয়েক দিন আগেই ক্লাব বিক্রির আগ্রহের বিষয়টি জানিয়েছিলেন।
স্পেনের আলিকান্তে প্রদেশের প্রায় ৫৫ হাজার বাসিন্দার শহর এলদার ঐতিহ্যবাহী ক্লাব এলদেনসে। গত চার মৌসুমের তিনটিতে দ্বিতীয় বিভাগে খেললেও চলতি মৌসুমে শুরুটা তাদের ভালো হয়নি। লিগের প্রথম চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট পাওয়ায় গত রোববার কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ।
স্পেনের ফুটবলে ক্লাবের মালিকানায় মেসির বিনিয়োগ এবারই প্রথম নয়। এর আগে গত ১৬ এপ্রিল দেশটির পঞ্চম স্তরের দল ‘ইউই কর্নেয়া’র মালিকানা কিনেছিলেন তিনি। এলদেনসের চুক্তি চূড়ান্ত হলে একই বছরে স্পেনের দুটি ভিন্ন ক্লাবের মালিক হিসেবে নাম লেখাবেন ইন্টার মায়ামির এই তারকা ফরোয়ার্ড।
kalprakash.com/IM