ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বৈধ রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সড়কে চলাচলকারী বিভিন্ন মোটরসাইকেল থামিয়ে নথিপত্র যাচাই-বাছাই করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কসবা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় নথিপত্রসহ সংশ্লিষ্ট ট্রাফিক বিধিমালার বিষয়গুলো পরীক্ষা করা হয়।
অভিযানকালে আইন অমান্য করে মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইনের আওতায় কয়েকজন চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।
কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল কবিরের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় অবৈধ ও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গেছে, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং অবৈধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। একই সঙ্গে সব চালককে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং ট্রাফিক আইন মেনে সতর্কতার সঙ্গে মোটরসাইকেল চালানোর আহ্বান জানানো হয়েছে।
kalprakash.com/IM