নড়াইলে আবাসিক মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে মেরাজ আলী ওরফে মিরাজ (২৪) নামের এক মাদ্রাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে, যা ভুক্তভোগী শিশুর ক্ষতিপূরণ বাবদ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মেরাজ আলী ওরফে মিরাজ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মো. আমানুল্লাহ হকের ছেলে। তিনি নড়াইল সদর পৌরসভার রঘুনাথপুর এলাকায় অবস্থিত জামিয়া রহমানিয়া তাইছিরুল উলুম মাদ্রাসার শিক্ষক ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১১ জুলাই রাতে জামিয়া রহমানিয়া তাইছিরুল উলুম মাদ্রাসার আবাসিকে থাকা এক শিশু শিক্ষার্থীকে শিক্ষক মেরাজ আলী বলাৎকার করেন। পরদিন ভুক্তভোগী শিশুটি বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। এরপর শিশুর মা বাদী হয়ে নড়াইল সদর থানায় মেরাজ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পরবর্তীতে বিচারিক কার্যক্রমে আদালত মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন।
kalprakash.com/IM