মিঠাপুকুরে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার হয়েছেন। উপজেলার লতিবপুর ইউনিয়নের ঈদুলপুর আবাসন প্রকল্পে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল মোতালেব (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মোতালেব বরিশাল বিভাগের বাসিন্দা হলেও বর্তমানে তিনি মিঠাপুকুর এলাকায় বসবাস করতেন।
জানা গেছে, অভিযুক্ত আব্দুল মোতালেব ও ভুক্তভোগীর মা আদুরী বেগম (৩৫) উভয়েই একটি হোটেলে কাজ করতেন। সেখানে পরিচয়ের সূত্র ধরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আদুরী বেগমের আগের সংসারে দুই মেয়ে ছিল। বড় মেয়ের বিয়ে হয়ে গেলেও ১৬ বছর বয়সী ছোট মেয়েটি এই দম্পতির সঙ্গে ঈদুলপুর আবাসন প্রকল্পে থাকতেন।
অভিযোগে জানা গেছে, গত দুই সপ্তাহ আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত মোতালেব তার নাবালিকা সৎ মেয়েকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে সে আরও একাধিকবার একই কাজ করে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর মা আদুরী বেগম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
অভিযোগের সত্যতা পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল মোতালেবকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানিয়েছেন, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী কিশোরীর মা বলেন, আমার নাবালিকা মেয়ের ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে, আমি তার কঠোর ও দৃষ্টান্তমূলক বিচার চাই।
মিঠাপুকুর প্রতিনিধি 















