ইরাক থেকে বিদেশি সেনা প্রত্যাহারে চলতি মাসের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেঁধে দেওয়া সময়সীমার পর দেশটিতে একজন আমেরিকান সেনাও অবস্থান করলে তাদের কোনোভাবেই নিরাপদে থাকতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন ‘হারাকাত আল-নুজাবা’।
ইরানি বার্তা সংস্থা ইরনার বরাতে পার্সটুডে জানিয়েছে, নুজাবা ইসলামিক প্রতিরোধ আন্দোলনের মহাসচিব আকরাম আল-কাআবি এক বক্তব্যে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন বিভ্রান্ত ব্যক্তি, যিনি ইরাকে কখনোই জয় অর্জন করতে পারবেন না; যেমনটি ইতিপূর্বে তিনি ইরানেও ব্যর্থ হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্টকে ইঙ্গিত করে আল-কাআবি বলেন, ইরান যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে শঙ্কিত করতে পারে, তবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা খুব শীঘ্রই তাঁকে আরও বড় বিপর্যয়ের মুখে ফেলবে।
তিনি আরও বলেন, ট্রাম্পের মনে রাখা উচিত যে আমরা আগামী ৩০ সেপ্টেম্বরের জন্য অধীর আগ্রহে এবং পুরোপুরি প্রস্তুত হয়ে অপেক্ষা করছি। এটিই ইরাকের মাটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা। যদি দখলদার মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের প্রতিশ্রুতি ভঙ্গ করে বা সেখান থেকে বিচ্যুত হয়, তবে তাদের বিরুদ্ধে একটি চূড়ান্ত যুদ্ধ শুরু করা হবে।
নুজাবা আন্দোলনের মহাসচিব আরও উল্লেখ করেন, মার্কিন নেতৃত্ব কেবল প্রোপাগান্ডা ও গণমাধ্যমে লোকদেখানো বিজয় প্রচার করতে চায়। কিন্তু ইরাকি প্রতিরোধ যোদ্ধারা তাদের এমন কোনো ফাঁকা প্রচারণার বিজয়ও অর্জন করতে দেবে না।
kalprakash.com/IM