বি১ ও বি২ (B1/B2) ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোন কোন কর্মকাণ্ড পরিচালনা করা আইনত নিষিদ্ধ, তা স্পষ্ট করে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দূতাবাসের অফিসিয়াল পেজে দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়, সন্তানের মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’ বি১/বি২ ভিজিটর ভিসায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ ও অননুমোদিত।
দূতাবাস আরও জানায়, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে স্থানীয় কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠানের অধীনে পারিশ্রমিক পাওয়ার উদ্দেশ্যে কোনো ধরনের কাজ করা যাবে না। একই সঙ্গে কোনো ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পড়াশোনা করা এবং পারিশ্রমিকের বিনিময়ে কোনো পেশাগত কাজে যুক্ত হওয়াও এই ভিসার আওতাভুক্ত নয়।
এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশেও অনুরূপ একটি সতর্কবার্তা দিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস। সেই বার্তায় উল্লেখ করা হয়েছিল, পড়াশোনার বাইরে অননুমোদিত কাজে যুক্ত হওয়া, পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে অবহিত না করে শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা তাৎক্ষণিকভাবে বাতিল হতে পারে।
kalprakash.com/IM