পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বিজ্ঞান অনুষদের অধীন ‘স্ট্যাটিস্টিক্স’ (Statistics) বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। যুগোপযোগী করার লক্ষ্যে বিভাগের নতুন নামকরণ করা হয়েছে ‘স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স’ (Statistics and Data Science)।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক চিঠির মাধ্যমে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সবাইকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য অবহিত করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের একাডেমিক কমিটির সিদ্ধান্ত এবং বিজ্ঞান অনুষদের অষ্টম সভার সুপারিশের পর নাম পরিবর্তনের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে গত ২৮ জুন অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৫৬তম সভায় বিস্তারিত আলোচনা হয়। পরবর্তীতে ২৯ জুন অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৭৬তম সভায় বিষয়টি উত্থাপন করা হলে সভার ৭৬.৩ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী নাম পরিবর্তনের কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।
পরবর্তীতে নাম পরিবর্তনের বিষয়টি পর্যালোচনার জন্য চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি বর্তমানে অধ্যয়নরত এবং ভবিষ্যতে ভর্তি হতে যাওয়া শিক্ষার্থীদের জন্য বিভাগের নাম ‘Statistics and Data Science’ করার সুপারিশ করে প্রতিবেদন জমা দেয়। একাডেমিক কাউন্সিলে এ প্রতিবেদন উপস্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এর মধ্য দিয়ে বিজ্ঞান অনুষদের স্ট্যাটিস্টিক্স বিভাগের নতুন নাম ‘স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স’ হিসেবে কার্যকর হলো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষা কার্যক্রমে আধুনিকায়ন দরকার। বর্তমানে আমরা বিগ ডেটার যুগে প্রবেশ করেছি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য আরও দক্ষ ও উপযোগী করে গড়ে তুলতেই বিভাগের নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গঠিত কমিটির পর্যালোচনায় দেখা যায়, বর্তমানে বিভাগে পড়ানো কোর্সগুলোর একটি বড় অংশই ডেটা সায়েন্সের সঙ্গে সংশ্লিষ্ট। তাই বিভাগের নামের সঙ্গে ডেটা সায়েন্স যুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক কর্মক্ষেত্রের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পর্যায়ক্রমে ডেটা সায়েন্স সংক্রান্ত আরও কিছু নতুন কোর্স সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে।
kalprakash.com/IM