পাবনার চাটমোহরে নানা আয়োজনের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে শুভ জন্মাষ্টমী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) চাটমোহর পৌর এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
চাটমোহর উপজেলা ও পৌর পূজা উদ্যাপন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রাটি শ্রীশ্রী রাধাবল্লভ মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শোভাযাত্রায় ধর্মীয় সংগীত ও ভক্তিমূলক বাদ্যযন্ত্রের তালে তালে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ও সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি সমাজের শান্তি, সার্বিক কল্যাণ ও সমৃদ্ধির প্রত্যাশায় প্রতিবছরের মতো এবারও জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হচ্ছে। দিনব্যাপী এ উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
kalprakash.com/IM