ছোট পর্দা, ওটিটি ও চলচ্চিত্র—সব মাধ্যমেই সাবলীল অভিনয় দিয়ে দর্শকের মনে শক্ত জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তবে হঠাৎ মস্তিষ্কে টিউমার ধরা পড়ায় বেশ কিছুদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। এরপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয় এবং সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়।
দ্বিতীয় অস্ত্রোপচার সফল হওয়ার পর তানিয়া বৃষ্টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, পুরোপুরি সুস্থ হতে কয়েক মাস পর তাঁকে আরও একটি অস্ত্রোপচারের মুখোমুখি হতে হতে পারে।
এরপর কেটে গেছে কয়েক মাস। ভক্ত-অনুরাগীদের মনেও প্রশ্ন—এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি?
সুখবর হলো, দীর্ঘ চিকিৎসার পর আগের চেয়ে অনেকটাই ভালো আছেন এই অভিনেত্রী। তানিয়া বৃষ্টির একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিগগিরই লাইট-ক্যামেরার চেনা আঙিনায় ফিরতে পারেন তিনি।
অসুস্থতার কারণে শুটিং থেকে সাময়িক বিরতিতে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন তানিয়া। নিয়মিত নিজের ছবি ও ভালো লাগার মুহূর্ত ভাগ করে নেওয়ার পাশাপাশি অভিনীত নাটকের প্রচারণাতেও অংশ নিচ্ছেন তিনি।
এদিকে তানিয়া বৃষ্টির হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমা। রায়হান খান পরিচালিত এ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন তারিক আনাম খান, সাবেরী আলম, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ ও আদর আজাদসহ আরও অনেকে। দীর্ঘ চিকিৎসা ও শারীরিক প্রতিকূলতা পেরিয়ে আবারও অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা তানিয়ার সুস্থতার খবরে স্বস্তি প্রকাশ করেছেন তাঁর ভক্তরা।
kalprakash.com/IM