মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৫৯:০৮

নিউইয়র্কের টাইমস স্কয়ারে ছুরিকাঘাতে নিহত ১, পুলিশের গুলিতে হামলাকারী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৯
শেয়ার: mail
নিউইয়র্কের টাইমস স্কয়ারে ছুরিকাঘাতে নিহত ১, পুলিশের গুলিতে হামলাকারী নিহত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ততম পর্যটন কেন্দ্র টাইমস স্কয়ারে এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অপর একজনকে আহত করেছেন। পরবর্তীতে পুলিশের গুলিতে আক্রমণকারী ওই নারী নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দিনের বেলা জনাকীর্ণ টাইমস স্কয়ারের প্রাণকেন্দ্রে এ ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপির।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে জানান, হামলায় আহত দ্বিতীয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ৪৯ বছর বয়সী পামেলা সিসনেরোস নিউইয়র্কের কুইন্স এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ জানান, সিসনেরোস একটি সুপারমার্কেট চেইনের ব্যাগ থেকে দুটি বড় ছুরি বের করে পথচারীদের হুমকি দিতে শুরু করেন। এরপর তিনি ৬৮ বছর বয়সী এক পুরুষের পেটে ছুরিকাঘাত করেন এবং এর প্রায় ২০ সেকেন্ড পর ৩২ বছর বয়সী এক নারীকে আক্রমণ করে পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় পরবর্তীতে ওই নারী মারা যান।

পুলিশ কমিশনার আরও জানান, কর্মকর্তারা প্রায় চার মিনিট ধরে ওই নারীর সঙ্গে কথা বলে ছুরি ফেলে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু তিনি তা মানতে অস্বীকৃতি জানান। পুলিশ প্রথমে তাঁকে নিয়ন্ত্রণে আনতে স্টান গান (বৈদ্যুতিক শক দেওয়ার অস্ত্র) ব্যবহার করে, কিন্তু তা অকার্যকর হওয়ায় পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা সিসনেরোসকে মৃত ঘোষণা করেন।

পুলিশ স্পষ্ট করেছে যে, এই হামলার সঙ্গে কোনো সন্ত্রাসবাদের যোগসূত্র নেই। তবে বিশ্বের অন্যতম ব্যস্ত জনসমাগমস্থলে দিনের বেলায় এমন সহিংস পরিস্থিতিতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নিউইয়র্কের টাইমস স্কয়ারে ছুরিকাঘাতে নিহত ১, পুলিশের গুলিতে হামলাকারী নিহত

বিস্তারিত কমেন্টে