দীর্ঘদিন ধরে অভিনয় ও রূপালি পর্দা থেকে দূরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আড়ালে থাকা এই অভিনেত্রী জীবনের বাকি সময়টা শান্তিতে ও ধর্মীয় অনুশাসনে কাটাতে চান বলে জানিয়েছেন।
সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পপি বলেন, ‘সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই।’
তার এই বক্তব্যে চলচ্চিত্রের বর্ণিল দুনিয়া থেকে নিজেকে আরও দূরে সরিয়ে নেওয়ার ইঙ্গিত স্পষ্ট। প্রায় ২৮ বছরের অভিনয়জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, এখন জীবনের নতুন একটি অধ্যায়কে বেশি গুরুত্ব দিচ্ছেন।
পপি আরও বলেন, ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’
তার এমন বক্তব্যে ব্যক্তিগত জীবন নিয়ে আত্মবিশ্লেষণ ও ইতিবাচক পরিবর্তনের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে।
এর আগে অভিনয়ে ফেরার বিষয়ে পপি জানিয়েছিলেন, দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরলেও সাধারণ কোনো কাজ দিয়ে নয়, ভালো গল্পের মানসম্মত কাজের মাধ্যমেই ফিরতে চান। তবে চলচ্চিত্রে তার প্রত্যাবর্তন এখনও অনিশ্চিত।
১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। দীর্ঘ ক্যারিয়ারে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি প্রশংসিত নানা ধারার চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
করোনাভাইরাস মহামারির সময় থেকেই শুটিং থেকে বিরতিতে ছিলেন পপি। করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার পর ২০২১ সালের শুরু থেকেই শোবিজ অঙ্গনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি। এরপর তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে জানা যায়, তিনি বিয়ে করে সংসারী হয়েছেন এবং আয়াত নামের চার বছর বয়সী এক পুত্রসন্তানের জননী।
kalprakash.com/IM